স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসার ব্যবস্থা ও মানুষকে সজাগ করা ছাড়া করোনা নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। আমেরিকার মতো দেশে এক দিনে করোনায় সাড়ে ৪ হাজার মানুষ মারা গেছে। দুই দিনে ৮ হাজার মানুষ মারা গেছে, সেখানে বাংলাদেশে ১০ মাসেও ৮ হাজার মানুষ মারা যায়নি। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনের ছাদ উদ্বোধন ও শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে ২০০ দেশের মধ্যে ২০ নম্বর এবং দক্ষিণ এশিয়ায় এক নম্বরে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, সংবাদ পরিবেশন আপনাদের কাজ, সংবাদ পরিবেশন করলে মানুষ ও সরকার সচেতন হয়। তখন সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। তবে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে এখনো করোনাভাইরাস চলে যায়নি। এখনো প্রতিদিন ২০-৩০ জন লোক মারা যাচ্ছে। আপনারা মাস্কসহ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জানুয়ারি মাসের শেষের দিকেই আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাব। এই ভ্যাকসিন আগে করোনা নিয়ন্ত্রেণ কাজ করা সম্মুখযোদ্ধাদেও দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ভ্যাকসিন প্রয়োগের কিছু ব্যবস্থা সম্পন্ন করেছি এবং কিছু ব্যবস্থা চলমান রয়েছে।’
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টুসহ অনেকে।
এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ওসি মো. আশারফুল আলম, ওসি তদন্ত মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
