বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে জনগণ : কাদের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০২:২৪ এএম

পৌর নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে, তার জবাব জনগণ তাদের দিয়েছে।’ গতকাল শনিবার বিকেলে তার সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন-পরবর্তী তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

দেশের নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস বিএনপি অবিরাম চালিয়ে যাচ্ছে, তা আর হালে পানি পাচ্ছে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ এখন আর বিএনপি নেতাদের মিথ্যাচারে বিশ্বাস করে না। বিএনপি ভোটের মাঠে শেষ পর্যন্ত টিকে থাকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে মাঝেমধ্যে, তারা কল্পিত অভিযোগ এনে ভোটের মাঠ ত্যাগ করে তাদের চর্চিত নেতিবাচক রাজনীতির ঐতিহ্য ধরে রাখার অপচেষ্টা করে।’

বিএনপি ‘উদ্দেশ্যমূলক’ বিরোধিতা করলেও দেশের জণগণ অত্যন্ত সাবলীলভাবে ইভিএমে ভোট দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণ ইতিমধ্যে অভ্যন্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এখনো অ্যানালগ রয়ে গেছে। তাই তারা এ পদ্ধতির বিরোধিতা করে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ ইভিএমের ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে। বিএনপি মুখে স্বচ্ছতার কথা বললেও প্রকৃতপক্ষে প্রযুক্তিবিমুখ এবং পিছিয়ে পড়া ধ্যাণধারণা আঁকড়ে ধরে বসে থাকতে চায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির প্রার্থীরা ভোটের পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতারা শুধু সমালোচনার জন্য সমালোচনা করছে, যা অত্যন্ত দুঃখজনক।’

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচন নিয়ে গণমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সেখানেও অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো বসুরহাট পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট হয়েছে এবং ৬০ ভাগেরও বেশি ভোটার উপস্থিত ছিলেন। অথচ মির্জা ফখরুল সাহেব আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যেসব কথা বলেছেন, তার জবাব আমি না দিলেও বসুরহাট পৌরসভার ভোটারগণ শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এর জবাব দিয়েছেন।’

বসুরহাটে যে নির্বাচন হয়েছে এমন নির্বাচনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন অনেকেই স্বচ্ছতার জন্য “বসুরহাট মডেল” হিসেবে আখ্যা দিয়েছেন। বিএনপি ভোটে হারার আগেই হেরে বসে থাকে, তারা রাজপথ ভয় পায়, আন্দোলনেও ভয় পায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চার সুযোগ রয়েছে আওয়ামী পরিবারে, আবার গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য শাস্তির বিধানও যথাযথভাবে কার্যকর করা হয়; যা বিএনপির রাজনৈতিক চর্চায় নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত