ওয়ার্কশপে গাড়ির সিলিন্ডার থেকে আগুন, ৭ জন দগ্ধ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০২:৫৩ এএম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোডে ‘ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ’ নামের একটি ওয়ার্কশপে গাড়ির সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। একটি প্রাইভেট কারের ইঞ্জিন ওভার হিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

আগুনে দগ্ধরা হলেন ওয়ার্কশপটির জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০) ও প্রাইভেট কারের চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২), রুবেল হাওলাদার (২৭)।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, আলী আকবরের ২০, রবিউলের ১৪, জুয়েলের ১৮ ও রুবেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলা যাবে না।

ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, গতকাল দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেট কারের কাজ করছিলেন কর্মচারীরা। আশপাশে আরও কিছু গাড়ির কাজ চলছিল। তখন ওই প্রাইভেট কারের ইঞ্জিন ওভার হিট হয়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে পেপার ও পলিথিনের কাগজে আগুন লেগে যায়। মুহূর্তে ওই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশপাশে থাকা কর্মচারী ও ড্রাইভাররা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধ রুবেলের বরাত দিয়ে সহকর্মী শেখ আশরাফ জানান, তারা একই কোম্পানির গাড়ি চালান। রুবেল গাড়ি নিয়ে ওই ওয়ার্কশপে যান কাজ করাতে। ওয়ার্কশপে একই সময় পাশের আরেকটি প্রাইভেট কারে কাজ করছিলেন কর্মচারীরা। তখন ওই প্রাইভেট কারে আগুন ধরে যায়। তখনই তারা দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর দুটি পৌঁছানোর আগে আগুন নিভে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বিপ্লব কিশোর শীল দেশ রূপান্তরকে বলেন, প্রাইভেট কারের সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত