আধাবেলা বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার দুপুর ২টার পর বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
হিলি স্থলবন্দরের আমদানিকারক, পেঁয়াজ ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট সদস্য গোলাম মোর্শেদ শাহীনের মৃত্যুতে তার সম্মানার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বলেন, হিলি স্থলবন্দরের আমদানিকারক, পেঁয়াজ ব্যবসায়ী ও সিআ্যন্ডএফ এজেন্ট সদস্য গোলাম মোর্শেদ শাহীন গতকাল শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তার সম্মানে আজ রবিবার সকাল থেকে দুপুর২টা পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল।
তবে এ সময় বন্দরের ভেতরে আমদানি করা পণ্যের পরীক্ষণ শুল্কায়ন ডেলিভারিসহ সকল কার্যক্রম স্বাভাবিক ছিল। পরে দুপুর ২টার পর থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।
