ভ্যাট গোয়েন্দার একটি তদন্ত দল চট্টগ্রামের একটি ইলেকট্রনিকস ব্যবসায় ২ দশমিক ০৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় ভ্যাট অফিসে প্রকৃত বিক্রয়তথ্য গোপন রেখে কম হিসাব প্রদর্শন করেছে।
প্রতিষ্ঠানটি হলো এসি বাজার। ভ্যাট নিবন্ধন নম্বর ০০০৪৫৮১২২-০৫০৮। এসি বাজার ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, হিটার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য তৈরি, সংযোজন ও আমদানি করে।
ভ্যাট গোয়েন্দার দল একটি অভিযোগের ভিত্তিতে এই তদন্ত পরিচালনা করে। সংস্থার পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন এতে নেতৃত্ব দেন।
তদন্ত অনুসারে, এসি বাজার ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোট ১২১ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৩৫৭ টাকার পণ্য সরবরাহ করে। তদন্তে দেখা যায় এই সময়ে তাদের প্রকৃত বিক্রি ১২৪ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৮৫৮ টাকা। এই বিক্রি গোপন রাখায় এসি বাজার ভ্যাট ফাঁকি দিয়েছে ৫৪ লাখ ১৮ হাজার ৩৭৫ টাকা।
অন্যদিকে, লিমিটেড কোম্পানির বিভিন্ন ধরনের ব্যয়ে ভ্যাট প্রযোজ্য হলেও তা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। এতে ভ্যাট ফাঁকি হয়েছে ৬২ দশমিক ৬০ লাখ টাকা।
উভয় ক্ষেত্রে সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২ শতাংশ হারে সুদ আরোপ হবে ৮৫ দশমিক ৭৬ লাখ টাকা। মোট ভ্যাট ফাঁকি ১ দশমিক ১৭ কোটি ও সুদসহ আদায়যোগ্য ২ দশমিক ০৩ কোটি টাকা। তদন্ত প্রতিবেদনটি চট্টগ্রাম ভ্যাট কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
