বাংলা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিসিডিএফ) আয়োজন করেছিল একটি ভার্চুয়াল সংগীত অনুষ্ঠানের। ‘গানে গানে মিলুক প্রাণ’ শিরোনামের এই অনুষ্ঠান ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মূলত ফান্ড রাইজিংয়ের লক্ষ্যেই বিসিডিএফ এই ভার্চুয়াল ডিজিটাল টিকিট কনসার্ট অনুষ্ঠানটির আয়োজন করে। সংগীত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক দেশ রূপান্তর। বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসী শিল্পী নমিতা রায়চৌধুরী অনুষ্ঠানে গান করেন। এ বিষয়ে আয়োজকদের পক্ষে প্রকল্পটির সিইও শাহাদ শরীফ বলেন, ‘বিসিডিএফ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালিদের সাহিত্য-সংস্কৃতিমূলক
চিন্তাচেতনার প্রকাশ ও ভাববিনিময়ের মাধ্যমে বাঙালিয়ানার সমৃদ্ধি ঘটানোর কাজ করে চলছে। সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে “বিসিডিএফ” তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে। তাই “গানে গানে মিলুক প্রাণ” অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সংস্কৃতি প্রসারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দেশ ও দেশের অসহায় মানুষের পাশে থাকছে।’
