শার্দুল-সুন্দরে দারুণ জবাব ভারতের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:২১ এএম

ঋষভ পান্ত যখন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন, ভারতের রান ১৮৬। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া তখন কত বড় লিড নেবে তাই নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত লিড অবশ্য নিয়েছে স্বাগতিকরা। তবে সেটা মাত্র ৩৩ রানের। অবিশ্বাস্য শোনালেও সত্য, সপ্তম উইকেটে ১২৩ রানের জুটি গড়ে ভারতকে বিপর্যয় থেকে বাঁচিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। ৩৩৬ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলে লিড ৫৪ রানে বাড়িয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।

শার্দুল-সুন্দর গতকাল ১২৩ রানের জুটিটা না গড়লে কী হতো? সম্ভবত আড়াইশো রানের লিড পেত অস্ট্রেলিয়া। এমনটা বলার কারণ আছে। প্রথম কারণ তখন ভারতের সব স্বীকৃত ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছেন। তাছাড়া অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা শার্দুলকে নিয়ে কিছু করতে পারবে এমন বিশ্বাসের কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছিল না। ভাষ্যকাররা পরিসংখ্যান তুলে ধরে বলছিলেন গ্যাবায় সপ্তম উইকেটে ভারত সর্বোচ্চ ৫৮ রান তুলেছিল। সেটাও ২০ বছর আগে। রানটা তুলেছিলেন কপিল দেব আর মনোজ প্রভাকর জুটি। বিশ্বক্রিকেটে তারা তখন স্বীকৃত অলরাউন্ডার। তুলনায় সুন্দর আর শার্দুলকে কিন্ডারগার্টেনের বাচ্চা বললেও কম বলা হয়। অথচ তারাই এমন পরিণত ব্যাটিং করেছেন যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো পেশাদার দলও খাবি খেয়েছে।

তৃতীয় দিনে আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগরওয়াল এবং ঋষভ পান্তের যা করা উচিত ছিল তাই করে দেখিয়েছেন শার্দুল আর সুন্দর। ব্যাট হাতে শার্দুল করেছেন ১১৫ বলে ৬৭ রান। এবং ওয়াশিংটন করেছেন ১৪৪ বলে ৬২। তাদের ১২৩ রানের পার্টনারশিপ দেখে সুনিল গাভাস্কারের মতো কিংবদন্তি আফসোস করে বলছিলেন, ‘সামি, জাদেজারা সুস্থ হয়ে উঠলে হয়তো অনেকগুলো ম্যাচ আবার বসে থাকতে হবে শার্দুলদের। ওরা দেখিয়ে দিল যে ওরা তৈরি রয়েছে।’ ব্রিসবেনে দ্বিতীয় দিনের শেষ সেশন বৃষ্টির জন্য বাতিল হয়ে যাওয়ায় গতকাল ৩০ মিনিট আগে খেলা শুরু হয়। অস্ট্রেলিয়ান পেসারদের ঝড় সামলাচ্ছিলেন তখন রাহানে-পূজারা। কিন্তু আবার প্যাট কামিন্সের অসাধারণ এক বলে চেতেশ্বর পূজারা আউট। অফ স্টাম্পের দিকে ঢুকে আসা বলটি আলতোভাবে ব্যাটে চুমু দিয়ে জমা পরে টিম পেনের গ্লাভসে। ৯৪ বলে ২৫ রান করেন পূজারা। ওপেনার হিসেবে চলতি সিরিজে ব্যর্থ মায়াঙ্ক আগরওয়াল ৫ নম্বরে নেমে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু লাঞ্চের আগে ৩৯ রান স্থায়ী জুটিটা ভাঙেন স্টার্ক। ৯৩ বলে ৩৭ রান করে সিøপে ক্যাচ দেন অধিনায়ক রাহানে। আর মায়াঙ্ক লাঞ্চের পর দ্বিতীয় বলেই ৫ উইকেট শিকারি জশ হ্যাজেলউডের শিকার হন ৭৫ বলে ৩৮ রান তুলে। জয়ের সমান ড্র করা সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন পান্ত। এবার ২৯ বলে ২৩ রান করে হ্যাজেলউডের তৃতীয় শিকার হন ক্যামরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। এরপরই শুরু হয় শার্দুল আর সুন্দরের ৩৬ ওভারে যুগলবন্দি।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার শার্দুল বলেছেন, ‘ব্যাটিংয়েও আমার মেধাটা ভালো বলে আমি বিশ্বাস করি। নেটে আমি অনুশীলন করি। অপেক্ষা করছিলাম এই সুযোগের যেখানে ব্যাট হাতে দলের জন্য অবদান রাখা যায়।’ নাথান লায়নের বলে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করা শার্দুল জানান, ‘স্কোরবোর্ডে তাকাচ্ছিলাম না আমরা। প্ল্যানটা ছিল যতটা সম্ভব ক্রিজে কাটানো। জানতাম ওদের বোলাররা ক্লান্ত হয়ে পড়বে। তাই এক ঘণ্টা টিকে থাকলে আমরা ওদের ওপর চড়াও হতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত