পারিবারিক কলহের জের

দুই মেয়েসহ মায়ের বিষপানে আত্মহত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:৪৭ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে মারা গেছেন মা ও দুই মেয়ে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো গ্রামের লাল মিয়া ওরফে লালু ফকিরের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তাদের মেয়ে রাজিয়া খাতুন (১৮) ও লাবণী খাতুন (১১)।

জাহানারার ভাগ্নে সানোয়ার হোসেন জানান, পারিবারিক সমস্যা নিয়ে কয়েক দিন স্বামীর সঙ্গে তার খালা জাহানারার ঝগড়া চলছিল। এরই জের ধরে গতকাল দুপুরে আরেক দফা ঝগড়া হলে লাল মিয়া বাড়ি থেকে চলে যান। পরে জাহানারা প্রথমে দুই মেয়েকে, পরে নিজেও বিষ পান করেন।

হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল আলিম জানান, খবর পেয়ে লাল মিয়ার বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে পোতাজিয়ার শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজিয়া খাতুন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এক বছর আগে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভবানীপুর এলাকার আমিনুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। পরীক্ষার প্রস্তুতি নিতে সম্প্রতি বাবার বাড়ি এসেছিলেন তিনি। একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে লাল মিয়া পলাতক বলে জানান তিনি।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত