জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক সামনে রেখে সহিংস বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সবটিতে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে গত রবিবার দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বাইডেনের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পাঠানো হচ্ছে। গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনারাবৃত্তি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ওই দিন নির্বাচনে বাইডেনের জয়ের স্বীকৃতির জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসে যৌথ অধিবেশন চলার মধ্যে ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের কয়েকশ সমর্থক। আগ্রাসী বিক্ষোভকারীদের তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা, কয়েক ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাপিটল ভবন। পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ভবন থেকে বিক্ষোভকারীদের সরালে পুনরায় অধিবেশন শুরু হয়।
ওই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হন। এর জেরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার অভিযোগ এনে তাকে অভিশংসিত করে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প।
এখন বাইডেনের অভিষেক সামনে রেখে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের সব রাজ্যের রাজধানীতে সশস্ত্র মিছিল নিয়ে নামতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই।
