‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক-২) প্রকল্পের আওতায় ৬৫ লাখ ডলার অতিরিক্ত ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৫ কোটি ২৫ লাখ টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বিষয়ক ঋণ চুক্তি করে বিশ্বব্যাংক। চুক্তিতে সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতেমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন সই করেন। ঋণ চুক্তি শেষে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইআরডি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষার মূলধারার পাশাপাশি দেশের ১১টি সিটি করপোরেশনের বিভিন্ন বস্তির ঝরেপড়া ও অতিদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় দ্বিতীয় সুযোগ দেওয়ার লক্ষ্যে ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের’ আওতায় ‘আরবান স্লাম চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল চুক্তির আওতায় বরাদ্দ অর্থ এসডিআর এবং ইউএসএসের এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনজনিত কারণে ঘাটতির ফলে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্ত করতে অতিরিক্ত এ অর্থ দেওয়া হয়েছে। দ্বিতীয় অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্তের লক্ষ্যে প্রকল্পের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঋণের অর্থ শূন্য পাঁচ বছরের রেয়াতিকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। ঋণের অর্থে বার্ষিক ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ এবং শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।
