বিপ্লবের স্বপ্নপূরণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০২:৩৩ এএম

সমসাময়িকরা যখন খেলা ছেড়ে সাবেকের চেয়ারে তখনো পুরোদস্তুর খেলা চালিয়ে গেছেন। এই তো সেদিনও গ্লাভস হাতে সামলেছেন ব্রাদার্স ইউনিয়নের জাল। ২০১৮ সালে খেলা ছাড়ার পর লেভেল ওয়ান গোলকিপিং কোচ করে যোগ দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। তবে তার লক্ষ্য ছিল জাতীয় দলে কোচিং প্যানেলে ঢোকার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে বিপ্লব ভট্টাচার্যের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জানুয়ারির শুরু থেকে। এখন থেকে আপাতত এক বছরের চুক্তিতে বিপ্লব কাজ করবেন জেমি ডে নেতৃত্বাধীন কোচিং প্যানেলে আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানাদের নিয়ে।

২০১৩ সালে সর্বশেষ জাতীয় দলের সদস্য ছিলেন বিপ্লব। সবচেয়ে বেশি আটবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলা বিপ্লব গতকাল নিজেই জানালেন জাতীয় দলে কাজের সুযোগ পাওয়ার কথা, ‘জাতীয় দলের গোলকিপিং কোচ হব, এই স্বপ্ন ছিল অনেক দিনের। বাফুফের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর শেখ জামালকে জানিয়ে দিয়েছি আর কাজ করব না। ফেডারেশন কাপের পর সেই চাকরি ছেড়ে দিয়েছি। এখন আপাতত এক বছরের চুক্তিতে বাফুফেতে কাজ করব।’

কেবল জাতীয় দল নয়, বিপ্লবকে কাজ করতে হবে অনূর্ধ্ব-২৩ দল, অন্যান্য বয়সভিত্তিক দল এবং বাফুফের নানা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে, ‘ফুটবলার হিসেবে দীর্ঘ ক্যারিয়ার আমার। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো মানের গোলকিপার খুঁজে বের করা হবে আমার অন্যতম দায়িত্ব। ভালো গোলকিপার খুঁজতে জেলায় জেলায় যাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত