বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। দিনটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করছে বিএনপি। এ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন আপসহীন রাষ্ট্রনায়ক ছিলেন। তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হব ও গণতন্ত্র ফিরে পাব। আর এর জন্য সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্রের মা’ গৃহবন্দি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব।’
জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্ম নেন। ১৯৫৩ সালে তিনি যোগ দেন সে সময়ের পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র সেক্টরের। তার নামে গড়ে ওঠে জেড ফোর্স। ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাদাবী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।
বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতির এক ক্রান্তিকালে জিয়াউর রহমান ঐতিহাসিক যুগান্তকারী দায়িত্ব পালন করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয় এবং তিনি যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। তিনি হন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত, ঠিক সেই সংকটের একপর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন।’
আজ বেলা ১১টায় বিএনপি নেতারা শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ১২টায় দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। আজ দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং ইতিমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় দেশব্যাপী জেলা ও মহানগর বিএনপির নেতারা সংযুক্ত থাকবেন।
এ ছাড়া জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং বিএনপি, ড্যাবসহ চিকিৎসকদের সংগঠন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প হবে। অনুরূপভাবে পরের দিন বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে ড্যাব-ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। আগামীকাল সারা দেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটসমূহ নিজেদের সুবিধানুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ২০ জানুয়ারি বুধবার দুপুর ২টায় শহীদ জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
