‘ভালো মানুষদের জন্য, সৎ মানুষদের জন্য ভোট-নির্বাচন না। এটা এতদিন শুনেছি। কিন্তু বিশ্বাস করিনি। এবার ভোট করতে গিয়ে সেই উপলব্ধি ও বিশ্বাস হলো।’ মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে হেরে মোখলেছুর রহমান বাড়ির পাশে পুকুরে ডুব দিয়ে নাকে খত দিয়ে এসব কথা বলছিলেন। এ সময় তিনি প্রতিজ্ঞা করে বলেন, ‘জীবনে আর কখনো ভোট করব না। ভোটের আগে সব ভোটার আমার ছিল। মানুষের উৎসাহে ও অনুরোধে প্রার্থী হয়েছিলাম। অথচ, ভোটের দিন সব ভোটার টাকার কাছে বিক্রি হয়ে গেল। ভোটের দিন সকাল ১০টা পর্যন্ত ভোট ছিল। তারপর ১ হাজার টাকার নোট ভোটারদের পকেটে চলে যায় আর আমার সব ভোট উল্টে যায়। মানুষ এত খারাপ হতে পারে আগে বুঝিনি। ভোট করতে গিয়ে বুঝলাম ভালো ও সৎ মানুষের জন্য রাজনীতি ও ভোট না। তাই আমি সব ভালো ও সৎ মানুষদের বলব ভোট আর রাজনীতি না করার জন্য।’
মোখলেছুর রহমান বাড়ির পাশে প্রতিজ্ঞা করে এই কাজটি করার সময় স্থানীয় মানুষজনকে সাক্ষী হিসেবে রেখে পুকুরে ডুব দিয়ে কান ধরে ৭ বার উঠবস করেন। এ সময় তিনি ৭ বার উচ্চকণ্ঠে বলেন, ‘আমি জীবনে আর ভোট করব না।’ স্থানীয় মানুষজন প্রার্থীর এমন কান্ড দেখে হতবাক ও বিস্মিত হলেও অনেকে ঘটনাটি রাজনীতি ও ভোটের প্রতি নীরব প্রতিবাদ ও ধিক্কার বলে অভিহিত করেন।
