সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া বেশ কিছু বাংলাদেশি কনটেন্ট আলোচনা জাগিয়েছে। এ প্রসঙ্গে ‘দারুণ আশার দিন’ দেখছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এক ফেইসবুক পোস্টে হালে সাড়া জাগানো তিনটি ওয়েব কনটেন্ট নিয়ে বলছিলেন তিনি।
ফারুকী লেখেন, “গত কিছুদিন আমাদের ফিল্মমেকারদের জন্য ছিল দারুণ আশার দিন! সৈয়দ শাওকীর ‘তকদীর’, রায়হান রাফির ‘জানোয়ার’, আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ এরকম আরও অনেকগুলা কাজ আমাদের তরুণ ফিল্মমেকারদের প্রতি আমার শ্রদ্ধা আর আস্থাকেই আরও পোক্ত করেছে! আই ফিল হ্যাপি অ্যান্ড ইলেটেড!”
ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনা প্রসঙ্গে বলেন, “একটা কথা এখানে বলা দরকার, আমরা সবাই একটা বাঁকের মুখে দাঁড়িয়ে আছি! আমি যখন কাজ শুরু করি, তখন আমার নিজেকে প্রকাশ করার জায়গা ছিল টেলিভিশন! তারপর সুযোগ পেলাম ফিল্ম বানানোর! তখন আমার সামনে দুইটা উইন্ডো ছিল: ফেস্টিভ্যাল, থিয়েট্রিক্যাল রিলিজ!
অনুমান করছি, সামনের দিনগুলাতে অঁতর ভয়েসের জন্য সবচেয়ে বড় উইন্ডো হয়ে উঠবে ওটিটি প্ল্যাটফর্ম! ফলে একটা পরিবর্তন আসছে, বুঝতে পারছি আমরা সবাই! সাম্প্রতিক কাজগুলা দেখে আমি বিশ্বাস করছি, আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত! লেটস রক, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স!”
মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ ছবি ‘শনিবার বিকেল’ বছর দু-এক ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। তবে ছবিটি বিদেশের একাধিক উৎসবে ভালো সাড়া পেয়েছে। জিতেছে পুরস্কারও। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে ‘নো ল্যান্ডস ম্যান’। আর সম্প্রতি ‘আ বার্নিং কোশ্চেন’ নামের আরেকটি আন্তর্জাতিক ছবির ঘোষণা দিয়েছেন।
