তামিমের জন্য মাশরাফীর ‘স্পেশাল ভালোবাসা ও দোয়া’

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৭:২১ পিএম

করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আর ওয়ানডে অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া তামিম ইকবালের জন্য নিজের ‘স্পেশাল ভালোবাসা ও দোয়া’ প্রকাশ করলেন ‘নড়াইল এক্সপ্রেস’।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফী। ৫০ ওভারের ক্রিকেটে মাশরাফীর স্থলাভিষিক্ত হন তামিম। এর আগেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন দলের। তবে কোনো ফরম্যাটে স্থায়ী নেতৃত্ব এই প্রথম। যদিও করোনার কারণে দায়িত্ব পাওয়ার পর মাঠেই নামা হয়নি তার।

অবশেষে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে তামিম যুগের।

তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও অধিনায়ক তামিমের জন্য বিশেষ বার্তা দিলেন মাশরাফী।

ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইল শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা ও দোয়া।’

‘সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সব সময়ের মতো বিজয়ী হয়ে আসবে, এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই–বাংলাদেশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত