রবিনিয়োর জোড়ায় বসুন্ধরার টানা দুই

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৯:১৩ পিএম

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়োর জোড়া গোলে প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিল বসুন্ধরা কিংস।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা।

নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়ে লিগে শুভসূচনা করেছিল অস্কার ব্রুসনের দল।

অন্যদিকে টানা দুই হারের তেতো স্বাদ পেল পুলিশ এফসি। নিজেদের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরেছিল নিজাম পাকির আলির দল।

ফেডারেশন কাপ জিতে মৌসুম শুরু করা বসুন্ধরা ম্যাচে লিড নেয় ১৬ মিনিটে। রাউল অস্কার বেসেরার শট পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি পুলিশ গোলরক্ষক। ফিরতি বল কোনাকুনি শটে জালে জড়ান রবিনিয়ো।

৪২তম মিনিটে কোত দি ভোয়ার ডিফেন্ডার ল্যানসাইন তোরে হেড থেকে গোল করলে সমতা ফেরে ম্যাচে। তবে প্রথমার্ধের যোগ করা সময়েই ফের লিড নেয় কিংসরা।

এবার ডি-বক্সের একটু বাইরে থেকে রবিনিয়োর বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে পায়।

বিরতির পর দুই দলই বেশ কিছু ভালো আক্রমণ করেছে। তবে স্কোরলাইন বদলায়নি।

নিজেদের তৃতীয় ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। শনিবার দুপুর ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে কুমিল্লায়। একই দিনে ঢাকায় পুলিশের প্রতিপক্ষ উত্তর বারিধারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত