বাংলাদেশ উইন্ডিজ ১ম ওয়ানডে আজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০১:৪৯ এএম

প্রায় ১০ মাস পর মিরপুরের সবুজ গালিচায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। গত ১১ মার্চের পর থেকে শুধুই অপেক্ষা সঙ্গী ছিল বাংলাদেশের। সেই অপেক্ষার তালিকায় নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও ছিলেন। অবশেষে ওয়ানডে দলের আনুষ্ঠানিক নেতৃত্বের প্রথম পরীক্ষায় নামছেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পথে তামিমের বাংলাদেশ এই সিরিজ দিয়েই এগোবে। সামনে উইন্ডিজ। হতে পারত বঙ্গবন্ধু সিরিজটি খুব চ্যালেঞ্জের। তামিমদের নিজেদের দল হিসেবে প্রমাণের অনেক প্রশ্নই আসত। কিন্তু এখন চ্যালেঞ্জটা উল্টো। কারণ গত ৯ মাসে ৫ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলা উইন্ডিজ দলটি যে আসেনি। তরুণ ও অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের নিয়ে এসেছে তারা। এই দলের বিপক্ষে এখন বাংলাদেশই চাপে। কারণ, না জিতলে যে সমালোচনা বিস্তর। তবুও চাপকে স্বাগত জানিয়েই সিরিজে নামার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানালেন ফেভারিটের তকমাটা চাপে ফেলেছে তাদের। আর প্রতিটি ম্যাচই গুরুত্বের, ‘নরমালি তো সবসময় জেতার চাপ অবশ্যই থাকে। এখন থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত আমরা খুব বেশি হলে ২৭-২৮টা ওয়ানডে খেলব। আমাদের জন্য পয়েন্ট সিস্টেমের জন্য প্রত্যেকটা ম্যাচ জেতাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চাইব যাতে আমাদের বাছাইপর্ব খেলতে না লাগে। যেনো শীর্ষ আটে থাকতে পারি। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সিরিজ জেতা অবশ্যই জরুরি। কিন্তু আমি মনে করি কালকের (পড়ুন আজকের) ম্যাচটা ভালোভাবে শুরু করাটা সবচেয়ে বেশি জরুরি।’

প্রতিপক্ষ আনকোরা উইন্ডিজ। এই দলে রভম্যান পাওয়েল সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলা ক্রিকেটার। এ ছাড়া জেসন মোহাম্মদ, আলজেরি জোসেফ, সুনিল অ্যামব্রিস ও রেমন রেইফারের কয়েকটি করে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। বাকি ৯ জনের অভিষেকই হয়নি। এতেও বাংলাদেশের সুযোগ বেশি দেখছেন না তামিম, ‘উইন্ডিজ তরুণ দল হতে পারে কিন্তু তারা পেশাদার ক্রিকেটার। ওদের নিয়ে ভাবার চেয়ে আমরা নিজেদের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। আপনি যখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন সবাই ভালো দল। কারণ প্রতিপক্ষরা আসেই জেতার জন্য। যারাই মাঠে নামে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে।’

অধিনায়ক হিসেবে তামিম তার শুরুটা করবেন বাংলাদেশি ব্র্যান্ড ক্রিকেট দিয়ে। ‘যেটা আমি সবসময় গুরুত্ব দেই যে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট ডেভেলপ করতে হবে। প্রত্যেক দেশের নিজের স্টাইল আছে। সুতরাং আমার মনে হয় না আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। আমরা হয়তো উইন্ডিজের মতো স্ট্রং না, বা অস্ট্রেলিয়ার মতো বিল্ডআপ না। তবে আমাদের এমন অনেক অ্যাডভান্টেজ আছে যা অন্যদের টিমে নেই।’

এদিকে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অমন ঐতিহাসিক টেস্ট জয়ে অনুপ্রেরণা খুঁজছে তরুণ উইন্ডিজ। শক্তিতে পিছিয়ে থাকলেও ভারতের মতো মানসিকতা নিয়ে সিরিজে যেতে চান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ, ‘ভারত দারুণ করেছে। ওরা কিন্তু তরুণ দল নিয়ে অস্ট্রেলিয়াকে হারাল। আমাদের দলটাও তরুণ দল। হ্যাঁ, আমরা ওদের থেকে আত্মবিশ্বাস নিতেই পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত