করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন।
অসুস্থ হওয়ার পর কয়েক দিন আগে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
তার চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলার পর ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে) মেরিলিবোন ৭ জানুয়ারি থেকে একটি তিন দিনের ম্যাচ খেলে, যার প্রতিপক্ষ ছিল ‘বাংলাদেশ’। সে দলটির নেতৃত্বে ছিলেন প্রয়াত ক্রিকেটার শামীম কবির।
বাংলাদেশ বিমানে চাকরির সুবাদে মাসে-দুই মাসে একবার রাইসউদ্দিনের লন্ডন যাওয়া হতো। সেখানে পেশাগত কাজের বাইরে নিয়মিত ঢুঁ মারতেন এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) অফিসে। এভাবেই ক্লাবটির কর্মকর্তাদের বাংলাদেশে আসতে রাজি করান।
করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছেন তিনি।
