বিতর্কের মুখে পড়ে আগেই নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিল ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের নির্মাতারা। এবার পরিচালক আলী আব্বাস জাফর জানালেন, বিতর্কিত দৃশ্যটি বদলে দেওয়া হবে।
সম্প্রতি এই সিরিজ নিয়ে ভারতের নানা প্রান্তে তাণ্ডব শুরু যায়। শাসক দল বিজেপি থেকে আসে নানান হুমকি। পোড়ানো হয় দুই অভিনেতা সাইফ আলী খান ও জিশান আইয়ুবের কুশপুতুল। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করা হয় পরিচালক আলী আব্বাস জাফর ও ডিজিটাল প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টার তরফেও হুঁশিয়ারি দিয়ে টুইট করা হয়। গ্রেপ্তারির জন্যও তৈরি থাকতে বলা হয় কলাকুশলীদের। এমন পরিস্থিতিতে টুইট করে ক্ষমা চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু তাতেও আগুনের আঁচ কমেনি।
তারপরই বিতর্কে ইতি টানতে মঙ্গলবার নতিস্বীকার করলেন আলী আব্বাস। জানিয়ে দিলেন, সিরিজে বদল আনা হচ্ছে।
টুইটারে তিনি লেখেন, “দেশবাসীর ভাবাবেগের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কারো ধর্মীয় ভাবনা কিংবা বিশ্বাসে আঘাত করতে চাইনি আমরা। ইচ্ছাকৃতভাবে কাউকে অপমানও করতে চাইনি। তাই ‘তাণ্ডব’-এর কলাকুশলীদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দৃশ্য নিয়ে এই তুমুল বিতর্ক, তা বদলে দেওয়া হবে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আমরা কৃতজ্ঞ। কারো ভাবাবেগকে কষ্ট দিয়ে থাকলে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি।”
সিরিজে শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আইয়ুব, তার অভিনয় করা একটি দৃশ্য নিয়েই তোলপাড়। কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আইয়ুবকে শিবের চরিত্রে দেখা যায়। যেখানে নারদের চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, এ নিয়ে শিবের কিছু করা উচিত। ব্যঙ্গাত্মক এই নাটকে শিব হিসেবে অশালীন শব্দ উচ্চারণ করেন আইয়ুব। ‘আজাদি’ নিয়েও বিদ্রূপ করা হয়। আর এতেই ক্ষুব্ধ নেট দুনিয়া। টুইটারে তাণ্ডব ব্যান করার ডাকও ওঠে। পাশাপাশি ‘বয়কট বলিউড’ হ্যাশট্যাগ জনপ্রিয় হয়।
