১১ বছর পর সিনেমার জন্য দেশের বাইরে

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০১:১৪ পিএম

টেলিভিশনের প্রিয় মুখ চঞ্চল চৌধুরীর দীর্ঘ ক্যারিয়ারে অল্প কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার প্রায় সব কটিই ভীষণ প্রশংসিত ও জনপ্রিয়। এবার তিনি করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক।

মঙ্গলবার এ ছবির জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন চঞ্চল। ওই সময় স্মৃতিচারণ করেন ১১ বছর আগের এক ঘটনার। গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ছবিতে অভিনয় করেছিলেন, যা ছিল ফকির লালন শাহর জীবন থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র।

ফেইসবুকে ‘মনপুরা’ অভিনেতা লেখেন, “১১ বছর আগে, ফকির লালন শাহকে নিয়ে প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ নির্মাণ করেছিলেন ‘মনের মানুষ’ সিনেমা। সেই সিনেমায় অভিনয়ের সুবাদে দেশের বাইরে প্রথম শিলিগুড়ির চিলাপাতা ফরেস্টে দীর্ঘদিন শুটিং করেছিলাম।”

“ঠিক ১১ বছর পর, তেমনি এক শীতের সকালে মুম্বাই যাচ্ছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করতে। সিনেমাটি নির্মাণ করবেন উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।”

চঞ্চল আরও বলেন, “লালনের গানের বাণী আর সুর যেমন বাঙালি সত্তার অন্যতম দর্শন, তেমনি বঙ্গবন্ধুর জীবন, কর্ম, দেশপ্রেম বাঙালি জাতি হিসেবে সারা বিশ্বে আমাদের গর্বিত আত্ম পরিচয়। বাঙালির জয় হোক, বাংলার জয় হোক... জয় বাংলা...।”

নির্মিতব্য বায়োপিকে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মাঝ বয়সী চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্র করছেন আরিফিন শুভ। তিনি, চঞ্চল-সহ একঝাঁক কলা-কুশলী কর্মশালা ও শুটিংয়ের জন্য ঢাকা ছেড়েছেন ইতিমধ্যে।  

বায়োপিকে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, ছোটবেলার চরিত্রে থাকছেন ফারদিন প্রার্থনা দিঘী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া।

অন্য চরিত্রে থাকছেন ফেরদৌস আহমেদ, খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, দিব্য জ্যোতি, সিয়াম আহমেদ  ও মিশা সওদাগর।

চলতি বছরেই মুক্তি পাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের এ ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত