আমেরিকান টিভি সিটকমের বিখ্যাত তারকা জুটি লুসিল বল ও দেসি আরনোজের মেয়ে লুসি আরনোজ বললেন, তার মায়ের চরিত্রে নিকোল কিডম্যান হতাশ করবেন না।
১৯৫০ এর দশকের এই জুটিকে নিয়ে আমাজন স্টুডিও নির্মাণ করছে ‘বিয়িং দ্য রিকার্ডোস’ শিরোনামের সিনেমা, পরিচালনায় থাকছেন অ্যারন সরকিন। এতে লুসিলের চরিত্রে থাকছেন নিকোল কিডম্যান, আর দেসি হচ্ছেন হাভিয়ার বারদেম।
১১ জানুয়ারি লুসিলের চরিত্রে কিডম্যানের নাম আসায় মিশ্র প্রতিক্রিয়া দেখায় ‘আই লাভ লুসি’ অভিনেত্রীর ভক্তরা।
এ সিরিজকে উৎসর্গ করে ২০২০ সালে প্রচার হয় ‘উইল অ্যান্ড গ্রেস’-এর বিশেষ পর্ব। যাতে অভিনয় করেন ডেবরা মেসিং। সোশ্যাল মিডিয়া পোস্টে ‘বিয়িং দ্য রিকার্ডোস’-এ অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন এ অভিনেত্রী। এরপরই অনেকে কিডম্যানের বদলে মেসিংকে নেওয়ার দাবি তোলেন। এ প্রেক্ষাপটে আসরে নামেন লুসিল বলের মেয়ে লুসি।
তিনি বলেন, ‘আই লাভ লুসি’ সিটকমের রিমেক হচ্ছে না। বাস্তব জীবনের তার মা ও বাবাকে তুলে ধরা হবে এ সিনেমায়। তবে প্রচলিত ঘরানার বায়োপিক নয়, বাস্তব জীবনের প্রেক্ষাপটে থাকছে অনেক হাস্যরস। সেখানে নিকোল কিডম্যানকে যথাযথই মনে হয়েছে তার কাছে। ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে পাকা কথা হয়ে গেছে। আশা করছেন দর্শক হতাশ হবেন না।
ছবিতে ‘আই লাভ লুসি’ ধারণকালের একটি সপ্তাহ তুলে ধরা হবে। যখন ক্যারিয়ার ও বৈবাহিক সম্পর্ক নিয়ে জটিলতায় পড়েন লুসিল ও দেসি। ফলাফলে তারা বিচ্ছেদকে বেছে নেন। আর পুরো সিনেমাটি এক সপ্তাহ সময়ের মধ্যে সিটকমের সেটেই ধারণ করা হবে।
চিত্রনাট্য লেখার সময় নায়িকা চরিত্রে কেট ব্লানচেটকে ভেবেছিলেন সরকিন। এর পর কেটের স্থলাভিষিক্ত হন নিকোল কিডম্যান। যোগ দেন বারদেমও। জানা গেছে, টেলিভিশনের একটি পরিবারকে ঘিরে গল্প তারা খুব পছন্দ করেছেন।
