সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ চিত্রগ্রাহক

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৩:২০ পিএম

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রগ্রাহক অনিমেষ রাহাত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে সিরাজগঞ্জের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

জানা যায়, চন্দ্রা এলাকায় হাইওয়েতে ট্রাক চাপায় রাহাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

রাহাতের সহকর্মী চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ চিত্রগ্রাহক।

রাহাতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজের অনেকেই। প্রখ্যাত চিত্রগ্রাহক রাশেদ জামান ফেইসবুকে লেখেন, “ঝরে গেল আরও একটি উত্তাল তারুণ্য। অসম্ভব ভদ্র এই ছেলেটি কঠিন পরিশ্রম করে নিজের চেষ্টায় ক্যামেরা সহকারী থেকে স্টেডিক্যাম অপারেটর হয়েছিল। কিছুদিন আগে এসেছিল দেখা করতে। ওর ডেমো রিল এবং স্টেডিক্যাম দেখাতে। আমাকে এই করোনাকালেও কতবার ফোন দিয়েছে, তার নানা স্বপ্ন ও ইচ্ছার কথা শোনাতে। তার পরিবারের, বন্ধুদের, সহকর্মীদের, আমাদের সবার অনেক ক্ষতি হয়ে গেল।”

নির্মাতা শিহাব শাহীন লেখেন, “কী ভয়াবহ দুঃসংবাদ! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাজা তরুণ ছেলেটা সড়ক দুর্ঘটনায় চলে গেল! ক'দিন আগেও কাজ হয়েছে তার সাথে! ভীষণ প্রাণবন্ত আর ভদ্র ছেলে! দারুণ কাজ করে! বেশ বড় একটা ক্ষতি হয়ে গেল! আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।”

সৈকত নাসির বলেন, “চোখের পানি আটকে রাখতে পারছি না। কীভাবে সম্ভব? তোমার আত্মার শান্তি কামনা করি ভাই, যেখানেই থাকো ভালো থেকো।”

কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন অনিমেষ রাহাত। সেখান থেকে দেশে ফিরে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। এরপর স্টেডিক্যাম নিয়ে কাজ করেন তিনি। বেশ কিছু চলচ্চিত্রে তিনি স্টেডিক্যাম চালিয়েছেন। সে তালিকায় রয়েছে ডুব, নবাব এলএলবি, শনিবার বিকেল, গাঙচিল ও মুক্তি-সহ বেশ কিছু সিনেমা।

সিরাজগঞ্জের কাজীরহাট এলাকায় পারিবারিক গোরস্তানে অনিমেষ রাহাতকে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত