বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটপণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচা পাটের ডিলার বা আড়তদাররা এক হাজার মণের বেশি কাঁচা পাট এক মাসের বেশি সময় ধরে মজুদ করতে পারবে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে পাট অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর বলেন, সম্প্রতি দেশে কাঁচা পাটের সংকট তৈরির কারণে পাটকলগুলো উৎপাদন ঝুঁকিতে পড়েছে। এ অবস্থায় পাট ও পাটপণ্য রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নেবে। এজন্য লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের কাঁচা পাট কেনাবেচা ও মজুদ থেকে বিরত রাখা, ভেজা পাট কেনাবেচা ঠেকানো, বাজারে সরবরাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে পাট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
