সবার আগে কোভিড-১৯ টিকা নিতে চান বল জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'হ্যাঁ, আমি নেব। সম্ভব হলে সবার আগেই ভ্যাকসিন নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হইছে।'
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। তিনি ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিয়েছিলেন।
বৈঠকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এক হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে তিন কোটি ডোজ টিকা আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
মুস্তফা কামাল বলেন, 'ভ্যাকসিন আসাটা ভালো। আমাদের অনেকেরই বয়স বেশি। ভ্যাকসিন সবার প্রয়োজন। ভ্যাকসিন নিলে আমরা আরো ভালো ফিল করব। কাজ করতে সুবিধা হবে। দেশের অর্থনীতি এগিয়ে নিতে আবাদের প্রচেষ্টা আরও সহজ হবে।
বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে দেশটির সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা এসেছে। একই টিকা বাংলাদেশ সরকারিভাবেও কিনছে। এছাড়া অন্য কোম্পানির টিকা পাওয়ার সুযোগও তৈরি হয়েছে বাংলাদেশের জন্য।
কোন টিকা নিতে চান জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'সরকার যেটা আনবে সেটাই নেব।'
সরকারিভাবে কেনা টিকার দাম কত হবে- সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে বলে জানান অর্থমন্ত্রী।
বেসরকারিভাবে টিকা আমদানি করা হচ্ছে কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এখন পর্যন্ত দ্বিতীয় কোনো সোর্স থেকে ভ্যাকসিন আসছে বলে আমার জানা নেই। প্রাইভেট সেক্টর যদি আমদানি করে তাদেরকেই অর্থায়নের ব্যবস্থা করতে হবে।'
