মোহামেডানকে হারাল সাইফ, শেখ জামাল-চট্টগ্রাম আবাহনীর জয়

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:২৫ পিএম

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার ছিল তিনটি খেলা। নিজ নিজ ম্যাচে এদিন জয় তুলে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।

ঐতিহ্যবাহী মোহামেডান এবারের মৌসুমে নিজেদের হোম ভেন্যু করেছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামেকে। নিজেদের প্রথম হোম ম্যাচে দলটি সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে হেরেছে ২-১ গোলে।

সাইফের পক্ষে গোল করেছেন আরিফুর রহমান ও জন ওকোলি। মোহামেডানের পক্ষে ব্যবধান কমানো গোল করেন উরু নাগাতা।

আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে উড়িয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচেই হারের সাদ পেল মোহামেডান। অন্যদিকে সাইফ পেল লিগে প্রথম জয়ের দেখা।

নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল দলটি।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। একমাত্র গোলটি করেন নিক্সন গুইলের্ম।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-১ গোলে হেরে লিগ শুরু করেছিল বন্দরনগরীর দলটি।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ জামাল। টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পথে দলটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে ২-১ গোলে।

শেখ জামালের পক্ষে গোল করেন ওমর জোবে, সলোমন কিং। মুক্তিযোদ্ধার পক্ষে ব্যবধান কমানো গোল করেন মেহেদী হাসান রয়েল। লিগে মুক্তিযোদ্ধার এটিই ছিল প্রথম ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত