স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা আনতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) অংশীদারিত্ব বাড়ানো জরুরি। ব্র্যাক এক্ষেত্রে ভবিষ্যতে অংশীদার এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে আয়োজিত ‘স্থানীয় এনজিওর সঙ্গে পর্যালোচনা ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এই কর্মশালার আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের (এইচসিএমপি) পরিচালক সাজেদুল হাসান, আঞ্চলিক পরিচালক হাসিনা আখতার হক, কর্মসূচি প্রধান মোহাম্মদ নুরুল আলম রাজু, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের এইচসিএমপির হেড অব হোস্ট কমিউনিটি মতিন সর্দার।
