ঘরে ঘুমন্ত যুবকের ওপর মালবাহী ট্রাক

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০১:২৪ এএম

পাবনার চাটমোহরে সড়কের পাশে থাকা বসতঘরে মালবাহী ট্রাক উঠে গেলে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে লিটন সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মান্নাননগর-চাটমোহর সড়কের বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লিটন সরকার একই উপজেলার পুরাতন বল্লভপুর গ্রামের প্রয়াত কালিপদ সরকারের ছেলে। সড়কের পাশে ওয়াপদা বিভাগের জায়গায় কুঁড়েঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আলুবোঝাই ওই ট্রাকটি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে পাবনার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বল্লভপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি কুঁড়েঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় গুরুতর আহত হন লিটন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সময় লিটনের স্ত্রী-ছেলে ঘরের বাইরে থাকায় রক্ষা পায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে, ট্রাকচালক তন্দ্রাচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ছাড়া একই দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ফেনী ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজীতে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তামান্না তাবাচ্ছুম মম (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।

লক্ষ্মীপুরের ঘটনায় স্থানীয়রা জানান, গতকাল বিকেলে মিয়ার বেড়ি নামক এলাকায় বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী বাদশা মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, নিহত মম স্থানীয় চর গণেশ গ্রামের জসীমউদ্দীনের মেয়ে ও দারুল উলুম নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত