বিদ্যুতের তার ছিঁড়ে বাড়িতে আগুন

৩ প্রতিবন্ধীসহ একই পরিবারের চারজনের মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০২:০৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে বাড়িতে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন ছিলেন প্রতিবন্ধী। গতকাল শুক্রবার রাতে রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাড়ির মালিক মো. মাছুম মিয়া (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সীমা বেগম (৩২) এবং প্রতিবন্ধী দুই ছেলে মো. রাসেল (১৭) ও রহমত উল্লাহ (১০)।

পূর্বাচল মাল্টি পারপাস ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত দেশ রূপান্তরকে জানান, রাত পৌনে ৯টার দিকে তাদের কার্যালয়ের কাছে কুমারটেক এলাকায় ডেসকোর ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস)-এর ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের ওপর পড়ে। এতে নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে আগুন লেগে মুহূর্তেই পুড়ে যায়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার দুই প্রতিবন্ধী সন্তান রাসেল ও রহমত উল্লাহ ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল রাত ১২টার দিকে রূপগঞ্জ থানার ওসি মহসীনুল কাদির দেশ রূপান্তরকে বলেন, ‘পূর্বাচলে অগ্নিদগ্ধ হয়ে দম্পতিসহ চারজন নিহত হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত