মোদির মাকে ভারতের কৃষকের খোলা চিঠি

‘আপনার ছেলেকে আইন বাতিল করতে বলেন’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০২:২৫ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদির কাছে সাহায্য চেয়ে খোলা চিঠি লিখেছেন পাঞ্জাবের কৃষক হারপ্রীত সিং। ভারতে চলমান কৃষক আন্দোলনে যোগ দেওয়া হারপ্রীত গত বুধবার সিমলা থেকে গ্রেপ্তার হন। যদিও একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীর মায়ের কাছে একটি খোলা চিঠি লেখার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে এনডিটিভি।

গত শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে হারপ্রীত বলেন, ‘কৃষি সংস্কারের নামে গত বছর সেপ্টেম্বরে মোদি সরকার তিনটি কৃষি  আইন পাস করেছে। আমি প্রধানমন্ত্রীর মাকে চিঠি লিখে অনুরোধ করেছি যেন তিনি নিজের ছেলেকে ওই তিনটি আইন বাতিল করতে বলেন। কেউ তার মায়ের অনুরোধ ফেলতে পারেন না।’

হারপ্রীত তার চিঠিতে লেখেন ‘প্রিয় মা, আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার ছেলে। আমার মনে হয় তিনি আপনার কথা ফেলতে পারবেন না। দয়া করে হাজার হাজার কৃষককে সাহায্য করুন, যারা কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে তীব্র ঠা-ার মধ্যে দিল্লি সীমান্তে অবস্থান নিয়েছেন।’

থানা থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার রাতে নিজ জেলা ফিরোজপুরে ফিরে যান হারপ্রীত। তিনি জানান, শিগগিরই তিনি ওই চিঠি পোস্ট করবেন। হারপ্রীত ছাড়াও গত বুধবার পাঞ্জাবের মোহালি জেলার করণদীপ সন্ধু ও চ-ীগড়ের গুরপ্রীত সিংকে গ্রেপ্তার করে পুলিশ। সিমলার ‘দ্য রিজ রোড’-এ অনুমতি ছাড়া বিক্ষোভ আয়োজন করার অভিযোগে তাদের আরপিসি ১০৭ এবং ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

নতুন তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছর শেষ দিক থেকে ভারতীয় কৃষকরা টানা আন্দোলন করে যাচ্ছেন। পাঞ্জাব থেকে শুরু হওয়া ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। কৃষকরা রাজধানী দিল্লিতে প্রবেশ করতে চাইছেন। কিন্তু দিল্লি সীমান্তেই তাদের আটকে দেওয়া হয়েছে। শীত মৌসুমে প্রচণ্ড ঠা-ার মধ্যেই কৃষকরা রাস্তায় অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যতদিন পর্যন্ত সরকার ওই তিন আইন বাতিল না করবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

গত ১২ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট নতুন তিনটি কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু তাতেও অচলাবস্থা কাটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত