সম্প্রতি নির্বাচন মানেই তারকাদের ভিড়। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন- প্রার্থীরা তারকাদের সঙ্গ নিতে ভালোবাসেন। আর লোক জমায়েতের ক্ষেত্রেও তারকাদের উপস্থিতি বেশ চমকের সৃষ্টি করে। বরাবরের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণাতেও দেখা মিলল তারকাদের। ২৪ জানুয়ারি ঢাকা থেকে এক ঝটিকা সফরে চট্টগ্রামে গেলেন এক ঝাঁক তারকা। এতে অংশ নেন টেলিভিশন ও চলচ্চিত্রের এক ঝাঁক শিল্পী।
জানা যায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর হয়ে মাঠে নেমেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, অভিনেতা রিয়াজ, মীর সাব্বির, সাইমন সাদিকসহ অনেকেই।
২৪ জানুয়ারি, সকালে বিমানের একটি ফ্লাইটে তারা সেখানে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
চট্টগ্রাম থেকে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিতেই আমরা এখানে এসেছি। দুই দিন শহরটিতে অবস্থান করবো আমরা।’
জানা যায়, ২৪ জানুয়ারি সারা দিন বন্দর নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালান তারা। আগামীকাল তাদের সঙ্গে যুক্ত হবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাসহ বেশ কয়েকজন। এদিন সন্ধ্যাতেই ঢাকায় ফেরার পরিকল্পনা তাদের।
উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
