সাউদাম্পটনের বিপক্ষে আত্মঘাতী গোলে হেরে শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। তাদের দেখানো পথে হাঁটেনি অপর দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। আর্সেনালের হারের দিন চেলটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। গতকাল স্টামফোর্ড ব্রিজে চেলসি ৩-১ গোলে হারিয়েছে লুটন টাউনকে। চেলসির হয়ে হ্যাটট্রিক করেন টামি আব্রাহাম। ম্যাচের ১১, ১৭ ও ৭৪ মিনিটে গোল করেন তিনি। লুটনের পক্ষে এক গোল শোধ দেন জর্ডান ক্লার্ক। ম্যানসিটি ম্যাচের ৫৯ মিনিটে পিছিয়ে পড়েও শেষ দশ মিনিটে দুই গোল এবং ইনজুরি সময়ের আরও এক গোলে জয় পায়। ম্যানসিটির হয়ে গোল করেন ফিল ফোডেন, গ্যাব্রিয়েল জেসুস ও ফারান তোরেস। প্রতিপক্ষের মাঠে গাব্রিয়েলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হারে মিকেল আর্তেতার আর্সেনাল। গত আগস্টে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জেতা দলটি সব প্রতিযোগিতা মিলে ৫০৮ মিনিট পর গোল হজম করল। গানার্সরা হারের স্বাদ পেল ছয় ম্যাচ পর।
×
