সিরিয়ার জঙ্গি সংগঠনের অনুসারী ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০২:১৭ এএম

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শামের (এইচটিএস) অনুসারী নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত শনিবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার সিটিটিসি কর্মকর্তারা জানান, গ্রেপ্তার মিনহাজ হোসেন (৩৮) নব্য জেএমবির সদস্য। তিনি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী এইচটিএসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন। বাংলাদেশে এসে নব্য জেএমবির আশ্রয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন মিনহাজ। আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিটিটিসির উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মিনহাজ মূলত নব্য জেএমবির সদস্য। এই সংগঠনের সদস্য হয়ে তিনি তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে সিরিয়া ও তুরস্কের জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শামের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাহরির আল শাম ও নব্য জেএমবি জঙ্গি সংগঠনের কার কার সঙ্গে তার যোগাযোগ ও দেশে আসার কারণসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিটিটিসির কর্মকর্তারা জানান, গত বছর ডিসেম্বরে সিরিয়া থেকে তুরস্ক হয়ে একজন সিরিয়াফেরত বাংলাদেশি নাগরিক দেশে প্রবেশ করেন। তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে কথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছেন। এমন তথ্য পাওয়ার পর থেকেই তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর দারুস সালাম থানা এলাকার কোনাবাড়ী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কর্মকর্তারা আরও জানান, মিনহাজ গত বছর সেপ্টেম্বরে সিরিয়া যাওয়ার উদ্দেশে তুরস্কে যান। তুরস্কে থাকাকালে জঙ্গি সংগঠন হায়াত তাহরির আল শামের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করলেও যেতে পারেননি। পরে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন। আত্মগোপন করেন খুলনা বিভাগে। আত্মগোপনে থেকেই নব্য জেএমবির নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠার পরিকল্পনা করতে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির এক কর্মকর্তা জানান, মিনহাজের সিরিয়ায় অবস্থানের গোয়েন্দা তথ্য থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করেন। মিনহাজ জানান, তার জন্ম বাংলাদেশে হলেও তিনি কিশোর বয়সেই পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান। সেখানেই বেড়ে ওঠেন। পরবর্তীকালে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এর আগে ২০১৭ সালে তিনি একবার বাংলাদেশে এসেছিলেন। তুরস্ক ও সিরিয়া ছাড়াও তিনি মালয়েশিয়া, ব্রুনেই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশে যাতায়াত করেন। তার বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সিরিয়ার সরকারবিরোধী সবচেয়ে শক্তিশালী জঙ্গি গোষ্ঠী হচ্ছে হায়াত তাহরির আল শাম। তুরস্কেও এই সংগঠনের বিস্তৃতি রয়েছে। আন্তর্জাতিকভাবে তাহরির আল শাম নামেই পরিচিত। এই সংগঠনটি মূলত আল-কায়েদার ভাবাদর্শী। দলটি আগে সিরিয়ার আল-নুসরা ফ্রন্টের অংশ ছিল। যেটিকে আল-কায়েদার সিরীয় শাখা হিসেবে মনে করা হতো। কিছুদিন আগে এই সংগঠনের জঙ্গিরা রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত