চট্টগ্রামে সিইসি

আশ্বস্ত করছি চসিক নির্বাচন সুষ্ঠু হবে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০২:৪৩ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সন্তোষ প্রকাশ করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলেও কোনো সহিংসতা হবে না বলে আশা করছি।’

গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চসিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘নির্বাচনে এবার সাধারণ ছুটি থাকছে না। বৃহস্পতিবার কিংবা রবিবার ভোট হলে ভোটার উপস্থিতি বেশি হবে বলে আমরা মনে করি। কিন্তু দেখা যায় ছুটি পেয়ে বেশিরভাগ মানুষ বাড়ি চলে যান। ব্যক্তিগত বা সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োজিতরা যেন ভোট দেওয়ার সুযোগ পান, মন্ত্রিপরিষদ থেকে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আমরা সাধারণ ছুটি রাখছি না। তবে ভোটের দিন ট্রাক ও মোটরসাইকেল বন্ধ থাকবে। গণপরিবহন চলবে।’

সেনাবাহিনী মোতায়েন বিষয়ে নুরুল হুদা বলেন, ‘চসিকে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই। সেনা মোতায়েনের কোনো প্রয়োজনীয়তাও কমিশন অনুভব করছে না। তবে ইভিএমের কেন্দ্রে সশস্ত্র পুলিশ পাহারা থাকবে। ভোটকক্ষে একজনের ভোট আরেকজনের পক্ষে দেওয়া সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বিনাকারণে কাউকে হয়রানি করছেএমন অভিযোগ আমাদের কাছে নেই। ফৌজদারি মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করতেই পারে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা পুলিশ সুপার রশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত