আলবার্তো গ্রিমালদি আর নেই। তিনি স্প্যাগেটি ওয়েস্টার্ন ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ ও মার্টিন স্করসিসের ‘গ্যাংস অব নিউইয়র্ক’-এর মতো ক্ল্যাসিক সিনেমার প্রযোজক। মৃত্যুকালে গ্রিমালদির বয়স হয়েছিল ৯৫ বছর।
গ্রিমালদির ছেলে প্রযোজক মৌরিজিও গ্রিমালদি খবরটি নিশ্চিত করেছেন। ভ্যারাইটি ম্যাগাজিনকে জানান, বার্ধক্যজনিত কারণে তার বাবা মারা গেছেন।
আলবার্তো গ্রিমালদি ১৯২৫ সালের ২৮ মার্চ ইতালির নেপলসে জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে পড়াশোনা করা এ প্রযোজক তার প্রতিষ্ঠান প্রডিজিওনি ইউরোপ অ্যাসোসিয়েটি প্রতিষ্ঠা করেন ১৯৬১ সালে। তার প্রযোজিত প্রথম ছবি ছিল স্প্যানিশ ওয়েস্টার্ন “ল’অমব্রা ডি জরো”। তবে প্রথম স্প্যাগেটি ওয়েস্টার্ন ছিল ১৯৬৪ সালের ‘আই দ্যু ভায়োলেন্টি’। ১৯৮০ এর দশকের শুরু পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে স্পেন ও পশ্চিম জার্মানির সঙ্গে কম বাজেটের ছবি যৌথ প্রযোজনা করেন।
১৯৬৫ সালে সার্জিও লিওনির সঙ্গে বানান আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি ‘ফর আ ফিউ ডলার্স মোর’, অভিনয় করেন ক্লিন্ট ইস্টউড। এরপরই তারা নির্মাণ করেন এপিক স্প্যাগেটি ওয়েস্টার্ন ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’। আড়াই কোটি ডলার আয় করা এ ছবি ইস্টউডকে তারকা বানিয়ে দেয়।
চার দশকে প্রযোজক হিসেবে ইউরোপ ও আমেরিকায় ৮০টির বেশি ছবির সঙ্গে যুক্ত ছিলেন গ্রিমালদি। অন্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বার্ন, লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, ম্যান অব লা মাঞ্চা ও জিনজার অ্যান্ড ফ্রেড। তার শেষ ছবি ‘গ্যাংস অব নিউইয়র্ক’ মুক্তি পায় ২০০২ সালে। এ ছবিতে অভিনয় করেন ডেনিয়েল ডে-লুইস, লিওনার্দো ডিকাপ্রিও, ক্যামেরন ডিয়াজ ও লিয়াম নেসন। সেরা ছবিসহ নয় বিভাগে লাভ করে অস্কার মনোনয়ন।
আলবার্তো গ্রিমালদি মৃত্যুকালে তিন সন্তান ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
