ভারত সরকারের সম্মানজনক পদক ‘পদ্মশ্রী ২০২১’ খেতাবে ভূষিত হয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য সন্জীদা খাতুন এবং বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক।
সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সন্জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তার বাবা ড. কাজী মোতাহার হোসেন ছিলেন বিখ্যাত পণ্ডিত ও জাতীয় অধ্যাপক। সন্জীদা খাতুন একাধারে রবীন্দ্রসংগীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য।
এ ছাড়া শিশুশিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার সভাপতি। সন্জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির ১৯৫১ সালের ১১ এপ্রিল জন্ম নেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। সাজ্জাদ আলী জহির ১৯৬৯ সালের শেষে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে পাকিস্তানের কাকুল সামরিক অ্যাকাডেমিতে সিনিয়র ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে আগস্ট মাসের শেষে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে গিয়ে যুদ্ধে যোগ দেন।
