‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:৫৭ এএম

মৌসুম শেষে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন এমনটা ধরে নিয়ে কয়েকটি বড় ক্লাব তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই দৌড়ে পিএসজির নামটা আছে সামনের কাতারেই। কদিন আগে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর পর এবার মেসির স্বদেশি লেয়ান্দ্রো পারেদেসের কথায়ও সেটা পরিষ্কার হলো। কোনো রাখঢাক না করে আর্জেন্টাইন এই মিডফিল্ডার জানালেন, মেসিকে দলে টানতে তাকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি।

পারেদেস বলছেন, দলে এখন আর্জেন্টাইন কোচ মউরিসিয়ো পচেত্তিনো থাকায় মেসির এখনে সুবিধা হবে। ‘এখানে এলে মেসি স্বদেশি একজন কোচের অধীনে কাজ করতে পারবেন। আর মেসির সঙ্গে একই দলে খেলতে পারাটাও (আমার জন্য) অনেক বড় একটা ব্যাপার।’ ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়ের দেল্লো স্পোর্তকে পারেদেস আরও বলেন, ‘ব্যাপারটা (পিএসজিতে যোগদান) এখন সম্পূর্ণ লিওর ওপর, ও পিএসজিতে আসতে চায় কি না। পিএসজি তাকে রাজি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ স্বদেশি কোচ, জাতীয় দলের দুই সতীর্থ (পারেদেস ও ডি মারিয়া) ছাড়াও বন্ধু নেইমারকে পাবেন মেসি পিএসজিতে এলে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত