মহাকাশে আবার রেকর্ড গড়ল স্পেস এক্স। একটিমাত্র ফ্যালকন নাইন রকেটে করে মহাকাশে ১৪০টিরও বেশি জিনিস পাঠানো হলো এবার। পাঠানো জিনিসপত্রের মধ্যে স্যাটেলাইট এবং স্পেসক্রাফটও রয়েছে। কক্ষপথে ওই সমস্ত জিনিস পৌঁছে দিয়ে দুই ঘণ্টার মধ্যে অ্যাটলান্টিক মহাসাগরে ভেঙে পড়েছে রকেটটি। ওইভাবেই তাকে প্রোগ্রাম করা হয়েছিল বলে জানিয়েছে স্পেস এক্স। তারা বলছে, এত বড় প্রকল্প একবারে করতে পেরে তারা অত্যন্ত খুশি।
গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ফ্যালকন নাইন রকেটটির উৎক্ষেপণ হয়। ১৪৩টি স্পেসক্রাফট এবং স্যাটেলাইট ছিল তার মধ্যে। ফ্যালকন নাইনের কাজ ছিল পৃথিবীর সীমানা ছাড়িয়ে অরবিটে ওই স্যাটেলাইট এবং স্পেসশিপগুলোকে প্রতিষ্ঠা করা। স্পেস এক্স-এর প্রোডাকশন সুপারভাইজর অ্যান্ডি ট্র্যান জানিয়েছেন, নতুন রেকর্ড গড়ে তারা খুশি। তিনি জানিয়েছেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে রকেটটি অরবিটে পৌঁছে গেছে।
ফ্যালকন নাইনে ১৩৩টি সরকারি এবং বেসরকারি সংস্থার স্পেসক্রাফট ছিল। ১০টি স্পেস এক্স-এর নিজস্ব স্যাটেলাইট ছিল। অরবিটে এ ধরনের ৮০০টি স্যাটেলাইট প্রতিস্থাপনের কাজ করছে তারা। ওই স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ডের কাজ করা হচ্ছে। এর আগেও বেসরকারি সংস্থার জিনিস মহাকাশে নিয়ে গেছে স্পেস এক্স। তারা জানিয়েছে, সস্তায় যাতে ছোট ছোট সংস্থার জিনিস মহাকাশে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা তারা করবে। যেভাবে অরবিটে স্পেস এক্স স্যাটেলাইট ছড়িয়ে দিচ্ছে তা নিয়ে কোনো কোনো বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, অরবিটে এর ফলে দূষণ ছড়াচ্ছে। স্পেস এক্স অবশ্য এই অভিযোগ মানতে রাজি হয়নি।
