জনসমর্থন হারিয়ে বিএনপি এখন অজুহাত ও অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি প্রার্থী ডা. শাহাদাতের নির্বাচনী এজেন্ট ও নেতাকর্মীদের প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।’
গতকাল সোমবার নগরীর বহদ্দারহাট এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে আয়োজিত মিছিল শেষ এসব কথা বলেন তিনি। এর আগে রেজাউল করিম চৌধুরী নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগরীর বহদ্দারহাটের আশপাশ এলাকায় প্রচার চালান।
বিএনপির নেতাকর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে ডা. শাহাদাতের এমন অভিযোগ প্রসঙ্গে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘যদি কারও বিরুদ্ধে মামলা থাকে এবং ওয়ারেন্টভুক্ত আসামিকে প্রশাসন খোঁজে বা গ্রেপ্তারের পদক্ষেপ নেয় সেটা এলাকার শান্তি-শৃঙ্খলার স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেই পারে। এখানে আমাদের কোনো হাত নেই। তাছাড়া আমরা কাদের এজেন্ট হিসেবে মনোনীত করেছি, তা যেমন কোনো মিডিয়ায় প্রকাশ করিনি, তেমনি বিএনপি কাদের এজেন্ট হিসেবে রাখছে তা কেউ জানে না।’
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপি আসলেই কোনো এজেন্ট দিচ্ছে কি না কিংবা আদৌ নির্বাচন করতে চায় কি না তা এখনো পরিষ্কার নয়।’
রেজাউল করিমের সঙ্গে এ সময় আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি মো. আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি সফর আলী প্রমুখ। এ সময় তারা এলাকাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।
