২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করেন।
এবারের পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকরা হলেন কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোর সাহিত্যে মুহাম্মদ হাবীবুল্লাহ পাঠান।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, ‘আগামী ১৮ মার্চ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ টাকা। পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।’
১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত তিন শতাধিক লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
