সাতক্ষীরা সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হককে জয়ী করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৫২ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে সদস্য সচিব করার পাশাপাশি এক নম্বর সদস্য করা হয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসানকে।
নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে সাতক্ষীরা ২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে।
সাতক্ষীরা সদর পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসাবে মনোনীত করায় আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ড. কাজী এরতেজা হাসান বলেন, আমাকে যে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তা পরিপূর্ণভাবে পালন করাটাই আমার কাছে ইবাদত। শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী শেখ নাসেরুল হক অত্যন্ত ত্যাগী এবং কর্মীবান্ধব নেতা। তিনি পৌর মেয়র হলে অবশ্যই পৌরবাসীর সেবক হিসাবেই কাজ করবেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
