শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিদেশিদের বিনিয়োগে আগ্রহী করতে শিল্পোদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে বদ্ধপরিকর। ঢাকা ও এর আশপাশে, বিশেষ করে নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় শিল্পপ্রতিষ্ঠান আগের যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে চলছে, কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর মধাবদী হেরিটেজ রিসোর্টে মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত লিড প্লাটিনাম এচিভমেন্ট সেলিব্রেশন ও সিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, লিড প্লাটিনাম অর্জন শুধু মিথিলা গ্রুপেরই নয়, এই অর্জন আমাদেও দেশের। এই সেলিব্রেশন আমাদের সবার। মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে লিড প্লাটিনাম অর্জনে দেশের সব শিল্পপ্রতিষ্ঠানকে সচেষ্ট থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু বলেন, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপূরণে ভূমিকা রাখছে। পরিবেশ সুরক্ষায় সব শিল্পপ্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব হতে হবে।
