আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় লেবার সরবরাহের কাজকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনামিয়া বাজারের বিহারি কলোনি এক নম্বর গেটের বন্ধ ম্যাচ এলাকায় পানি আক্তার ও কসাই বাবু গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন সজল, কাউসার, হেলাল, সোহাগ, সজীব, মাহিন, সাকিব, মিজান, হুদয় ও স্বপন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, আদমজী ইপিজেডের মারুহিশা প্যাসিফিক নামক রপ্তানিমুখী পোশাক কারখানায় লেবার সরবরাহ নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি সমর্থিত পানি আক্তার ও একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সমর্থিত কসাই বাবু গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। কারখানাটি নিয়ন্ত্রণ করছেন পানি আক্তার। বাবু কারখানাটির নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে পানি আক্তারের লোকজন কারখানা থেকে বিহারি কলোনির পকেটগেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় কসাই বাবুর লোকজন তাদের হুমকি দেয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
ঘটনার পর থেকেই পানি আক্তার ও কসাই বাবু আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাউন্সিলর মতিউর ও সাবেক কাউন্সিলর সিরাজুলের মোবাইল বন্ধ পাওয়া গেছে।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
