সাভারের আশুলিয়ায় মধ্যরাতে একটি ভাড়া বাড়ির কক্ষে রহস্যজনক বিস্ফোরণে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি ভর্তি করা হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ রহস্যজনক বলে দাবি করে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও এলাকার আব্দুর রশিদের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিদগ্ধদের মধ্যে এক যুবকের নাম নজরুল বলে জানা গেলেও দগ্ধ অপর তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিউল আলম সোহাগ বলেন, রাত আড়াইটার দিকে একটি কক্ষ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই কক্ষের ভেতর গ্যাস জমা হয়ে থাকায় সিগারেট খাওয়ার জন্য আগুন ধরানোর কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। এ ঘটনায় ওই কক্ষে থাকা নজরুল নামে এক ভাড়াটিয়ার শরীর আগুনে পুড়ে যাওয়ায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ছাড়া তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি।
বাড়ির মালিকের ছেলে শাহীন আলম বলেন, বাড়ির নিচতলায় জানালার দেয়াল ঘেষে গ্যাসের পাইপ নেয়া হয়েছে। সেখানে একটি জায়গায় লিকেজ ছিল। হয়তো রাতে কেউ ওই স্থানে সিগারেটের আগুন ফেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, বিস্ফোরণের ঘটনায় ওই বাড়ির ৫/৬টা কক্ষের দরজা ছুটে পড়ে গেছে। শব্দটা এত বিকট হয়েছে ‘বোমবিং’ করলে যেমন তেমন বলে জানিয়েছে স্থানীয়রা। এ ছাড়া আশপাশের কয়েকটি বিল্ডিংয়ে লাগানো গ্লাস ফেটে গেছে। এ ঘটনায় কক্ষের ভেতরে থাকা যুবক নজরুল ও তার সঙ্গে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তারা স্বামী-স্ত্রী নয় বলে জানিয়েছে।
বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, বিস্ফোরণটি যদি গ্যাসলাইন কিংবা সিলিন্ডার গ্যাসের হতো তাহলে আগুনের ওই কক্ষের সমস্ত মালামাল পুড়ে যেত। কিন্তু আগুনে শুধু বিছানার চাদার ও জামাকাপড় ছাড়া অন্য কিছু পুড়ে নাই।
তিনি বলেন, ‘তবে বিস্ফোরণের ঘটনায় বাড়ির প্রত্যেকটা দরজার ছুইটা পইড়া গেছে। এ থেকে ধারনা করা হচ্ছে অবশ্যই কোনো কিছু ব্লাস্ট হইছে। এ ছাড়া এত রাতের ঘটনা থানায় জানানো হয়েছে সকাল ১০টায়। কিন্তু মেম্বার বলছে রাত দুইটায় জানাইছে। তাই বিষয়টি রহস্যজনক হওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে’।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুর রশিধ জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসকে বিষয়টি সম্পর্কে অবহিত করি। তারা আসার পর আলোচনা করে প্রাথমিকভাবে বিষয়টি গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা বলেই ধারনা করা হচ্ছে’।
