শ্যুটিংয়ে ভুতুড়ে অভিজ্ঞতাও হয়েছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০১:৫৬ এএম

চিত্রনায়িকা কবরীর পরিচালনায় কাজ করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত নিশাত নাওয়ার সালওয়া। পুরনো ও নতুন কাজের খবর জানালেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

নতুন বছর...

নতুন বছর বেশ ভালোভাবেই শুরু হয়েছে। গত বছর করোনার কারণে তো অনেক কিছুই করতে পারিনি। এবার বছরের শুরুতেই নতুন সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। ফলে ভালোলাগাটা একটু বেশিই কাজ করছে। আশা করছি পুরো বছরটা ভালোই যাবে।

নতুন সিনেমা...

গত ২২ জানুয়ারি আমি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ‘বুবুজান’। গল্পটা বাস্তবধর্মী। আমার বিপরীতে শান্ত খান। ছবিটি শামীম আহমেদ রনি নির্মাণ করছেন। প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই ছবিতে আমি ছাড়াও মাহিয়া মাহি আছেন। মাহিকে শান্ত খানের বোনের চরিত্রে দেখা যাবে।

কবরীর সঙ্গে...

কবরী ম্যামের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আর ওনার মতো কিংবদন্তির সঙ্গে কাজের সুযোগ পাওয়া তো দারুণ ব্যাপার, আমার জন্য অত্যন্ত আনন্দের। সবচেয়ে বড় কথা, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। সিনেমায় চুক্তি হওয়ার পর দুই দিন আমাকে গ্রুমিং করিয়েছেন কবরী ম্যাম। কবরী ম্যামের পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় আমার চরিত্রের নাম অরণী। সিনেমায় আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন কবরী ম্যাম। মূলত মা-মেয়ের গল্প নিয়েই নির্মিত হচ্ছে  সিনেমাটি। আমার বিপরীতে কাজ করবেন রিয়াদ রায়হান।

‘বীরত্ব’...

সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ সিনেমায় কাজ করলাম। রাজবাড়ীতে শ্যুটিং করেছি। আমার বিপরীতে ছিলেন ইমন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তবে মজার ব্যাপার যে শ্যুটিং করতে গিয়ে কিছু ভুতুড়ে অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে আমাকে। সেসব নিয়ে অন্য কোনো দিন বলব।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’...

অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। ইউনিটের সবাই আমাকে হেল্প করেছেন। আমি নতুন হওয়া সত্ত্বেও সবার সহযোগিতায় ভালোভাবেই উতরে গিয়েছি। শ্যুটিং ইউনিটের সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। আশা করছি ভালো কিছুই হবে।

পড়ালেখা...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে পড়ছি। পড়ালেখা ভালোই চলছে। তবে অভিনয় ও পড়ালেখা দুটো সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত