দেশ রূপান্তরকে আইনমন্ত্রী

সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য করিনি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০২:০৬ এএম

সাংবাদিকরা বিরাগভাজন হয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সম্পর্কে অসত্য প্রতিবেদন করেন জাতীয় সংসদে এমন বক্তব্য নিয়ে আলোচনা ওঠার পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাংবাদিকদের বিষয়ে এ ধরনের কোনো বিরূপ মন্তব্য করিনি।’ তিনি দাবি করেন, নির্বাচন কমিশন (ইসি) তার কাছে এ সংক্রান্ত তথ্য-উপাত্ত যেভাবে হস্তান্তর করেছে, সে মোতাবেক তিনি সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।

গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই প্রশ্নোত্তর পর্ব নির্বাচন কমিশন তৈরি করেছে। সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক আরও বলেন, সাংবাদিকদের বিষয়ে এ ধরনের কোনো মন্তব্য আমি কখনই করিনি। এ প্রক্রিয়াটি নির্বাচন কমিশনই করেছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পরিচয়পত্রের সংশোধনী নিয়ে একজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে আনিসুল বলেন, ‘চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষ টেকনিক্যাল জনবল না থাকা এবং সময় স্বল্পতার কারণে প্রাথমিক পর্যায়ে কিছু ভুল রয়ে যায়। এর অধিকাংশই বানানজনিত ভুল। বিভিন্ন পর্যায়ের ভুলগুলোর বিষয়ে আইন ও বিধি অনুসারে নির্বাচন কমিশন সংশোধনের সুযোগ দিলেও অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেকেই যথাসময়ে সেই সেবা গ্রহণ করেনি। ফলে জাতীয় পরিচয়পত্রে লিপিবদ্ধ তথ্যাদির ক্ষেত্রে এখনো ভুল রয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘সংশোধনের জন্য প্রাপ্ত আবেদনসমূহে চাওয়া দাবি অনেক ক্ষেত্রে অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত। ফলে ওইসব আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র/দলিলাদি দাখিলসহ ক্ষেত্রবিশেষ তদন্ত/পুনঃতদন্তের প্রয়োজন পড়ে এবং জটিলতা ও দীর্ঘসূত্রতা দেখা দেয়। এ কারণে সাংবাদিক মহল বিরাগভাজন হয় এবং এতদসংক্রান্ত সেবা সম্পর্কে বিভিন্ন প্রকার প্রতিবেদন প্রকাশ করে থাকে, যা সম্পূর্ণ সত্য নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত