চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দেয়ালচাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ ঢেবার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে মো. শরীয়তউল্লাহ (৬০) আগ্রাবাদ পিডিবির গাড়িচালক। তার বাড়ি নোয়াখালীর বসুরহাটে। অপরজনের নাম আল আমিন (৩০)। তিনি ওই দেয়ালটির পাশে সড়কে বসে মাস্ক বিক্রি করতেন। তার বাড়ি রংপুরে। তারা দুজনেই ঢেবার পাড় এলাকায় থাকতেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, দুপুরে দেয়ালচাপা পড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শরীয়তউল্লাহ লাশ উদ্ধার করি। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় আরও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আল আমিন গুরুতর আহত ছিলেন।
নিউটন বলেন, ‘দেয়ালটি যেখানে ভেঙে পড়ে, সেখানে স্কেভেটর দিয়ে বালু সরানোর কাজ চলছিল। স্কেভেটর দিয়ে বালু সরানোর কারণে ভিত নরম হয়ে দেয়ালটি পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’
প্রত্যক্ষদর্শী নূর উদ্দিন বলেন, ‘আল আমিন হকার। তিনি মাস্ক বিক্রি করতেন দেয়ালটির পাশে বসে। জুমার নামাজ শেষে আমরা যখন হেঁটে আসছিলাম তখন হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, গুরুতর আহতাবস্থায় আল আমিনকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানিয়েছেন, যে স্থানে সীমানা দেয়ালটি ভেঙে পড়েছে সেখানের খালি জায়গাটি বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের বিরোধপূর্ণ ভূমি। সম্প্রতি বন্দর কর্র্তৃপক্ষ সেটার দখল নিয়ে লিজ দিয়েছে। জায়গাটিতে স্থাপনা নির্মাণের জন্য স্কেভেটর দিয়ে বালু সরানো হচ্ছিল।
