চলে গেলেন নন্দিত সংগীত শিক্ষক সঞ্জীব দে। গত বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়সে হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী অদিতি দে, এক ছেলে নিশিত দে, মেয়ে ত্রিপর্ণা দেসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার ঢাকার মগবাজারের নয়াটোলার বাসা থেকে সংগীতজ্ঞ সঞ্জীব দের মরদেহ নেওয়া হয় ময়মনসিংহের জন্মভিটায়। সেখানে কেওয়াটখালী এলাকার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সঞ্জীব দে ১৯৫৬ সালের ১৪ আগস্ট ময়মনসিংহ শহরের আকুয়া নামক এলাকায় জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর তিনি ঢাকায় আসেন। ১৯৭৪ সাল থেকে প্রায় পাঁচ দশক তিনি সংগীত শিক্ষক হিসেবে কাজ করেছেন। সঞ্জীব দের দাদা পেয়ারী মোহন দে বংশীবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গসংগীতের নামকরা গুরু ছিলেন; সেই ধারাবাহিকতায় সঞ্জীব দের সংগীতের পথচলা।
