বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা নিতে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা রওনা হন।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, ‘‘স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে তিনি চিকিৎসা নেবেন।”
আরও বলেন, “সিঙ্গাপুর পৌঁছে সেখানকার নিয়মানুযায়ী কোয়ারেন্টাইনে থাকার পর হাসপাতালে যাবেন। সেভাবেই চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি ঠিক করা হয়েছে।”
২০১৫ সালে কারাবন্দী অবস্থায় ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন ৭৩ বছর বয়সী মির্জা ফখরুল। এর চিকিৎসা বাংলাদেশে না থাকায় প্রতিবছরই ফলোআপ করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যেতে হয় তাকে।
সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য দেশের বাইরে যান বিএনপি মহাসচিব।
