নড়াইলের ২ পৌরসভায় আ. লীগের প্রার্থী নির্বাচিত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৯:৪১ পিএম

নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, নড়াইল পৌরসভা আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৬ ভোট।  প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির (ধানের শিষ) জুলফিকার আলী মণ্ডল  পেয়েছেন ৩ হাজার ৮ শ ৭১ভোট। নড়াইল পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩। ভোট পড়েছে ৭৪.৯২ ভাগ।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ভোট দিয়েছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জুলফিকার আলী মণ্ডল অভিযোগ করেন, ভোট কেন্দ্র গুলিতে বিএনপির এজেন্টদের ভয়ভীতি দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং টেবিলের ওপর প্রকাশ্যে নৌকায় ভোট নেওয়া হয়েছে। ভোটারদের নাগরিক অধিকার হরণ করা হয়েছে।

কালিয়া পৌরসভা

কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। কালিয়া ভোটার রয়েছে ১৬ হাজার ৩৮৩ জন। কালিয়া পৌরসভায় ৮২ ভাগ। 

আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা এক প্রতিক্রিয়ায় বলেন, ভোটাররা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপহার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তবে বিএনপির প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু অভিযোগ করেন, প্রকাশ্যে টেবিলের ওপর ভোট নেওয়া হয়েছে এবং এজেন্টদের ভয়ভীতি দিয়ে শুধুমাত্র নৌকায় ভোট নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত