নবাগত নায়ক শান্ত খানকে নিয়ে নির্মাতা শাহীন সুমন ‘গ্যাংস্টার’ সিনেমাটির শুটিং শুরু করলেন শনিবার থেকে। গাজীপুরের হোতাপাড়ায় শনিবার সকাল থেকে শুরু হয়েছে ‘গ্যাংস্টার’ এর শুটিং। সেট থেকে নায়ক শান্ত খান জানান, আজ থেকেই সিনেমার শুটিং শুরু হলো। প্রথম লটে আমার অংশের শুটিং তিনদিন। তিনি বলেন, সিনেমার গ্যাংস্টার আমি নিজেই। গল্প আমার উপর বেইজ করে আগাবে।
পরিচালক শাহীন সুমন বলেন, শান্তের কাজের প্রতি চেষ্টা অনেক। সকাল থেকেই দেখছি তাকে যেভাবে বলছি সেভাবে নিজেকে স্ক্রিনে হাজির করছে। তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যতে সিনেমায় সে দাঁড়িয়ে যাবে।
আন্ডারওয়ার্ল্ডে যা যা হয় ওই গল্পই ফুটে উঠবে ‘গ্যাংস্টার’ ছবিতে। এখানে কোনো নকলের অস্তিত্ব থাকবে না। গল্পই আমি তৈরি করেছি। অ্যাকশন, থ্রিলার স্বাদের ছবি হবে ‘গ্যাংস্টার’। শান্ত ছাড়াও গ্যাংস্টার সিনেমায় আরও অভিনয় করছেন সাইমন সাদিক, মাহিয়া মাহি প্রমুখ। প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
